নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে বিদেশি অস্ত্রসহ ডাকাত চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাব-১১।
শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্যটি জানিয়েছেন র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা। এর আগে শুক্রবার দিবাগত রাতে পূর্ব ভবনাথপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ছোরা, একটি রামদা, একটি চাইনিজ কুড়াল, দুটি তালা ভাঙ্গার কাটার ও শাবল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- সাখাওয়াত হোসেন রনি (২৫), মো. সোহেল (৩২), মো. শহিদুল ইসলাম (২৬), আল আমিন (২৩), মো. ইসমাইল (৩৮) ও সুজয় দে (৩০)।
র্যাব জানায়, আটককৃত ডাকাত চক্রটি গত ৬ এপ্রিল এবং ২৪ এপ্রিল আড়াইহাজার থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত ছিল। আটককৃত ডাকাত সর্দার সাখাওয়াত হোসেন রনির বিরুদ্ধে আড়াইহাজার থানায় তিনটি এবং সোনারগাঁ থানায় একটি অস্ত্রসহ ডাকাতি, মো. সোহেলের বিরুদ্ধে আড়াইহাজার থানায় তিনটি এবং সোনারগাঁ থানায় একটি অস্ত্রসহ ডাকাতি ও একটি মাদক মামলা, মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে ধামরাই থানায় একটি অস্ত্রসহ ডাকাতি ও দুটি ধর্ষণ এবং বিভিন্ন থানায় চারটি অস্ত্রসহ ডাকাতি মামলা, সুজয় দের বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় একটি চুরি এবং মকছেদপুর থানায় একটি ধর্ষণসহ হত্যা মামলা রয়েছে।
র্যাব আরও জানায়, আটককৃত ডাকাত দলের সর্দার সাখাওয়াত হোসেন রনি নিজেকে কাঁচপুর এলাকায় ‘বন্ধু ড্যান্স একাডেমি’ নামের একটি ডান্স গ্রুপের গ্র্যান্ড মাষ্টার হিসেবে পরিচয় দিয়ে থাকে। সে বিভিন্ন সময়ে বিয়ে, জন্মদিন বা অন্যান্য সামাজিক অনুষ্ঠান উপলক্ষে ড্যান্স কনসার্ট নামে বিভিন্ন প্রবাসী বা ধনী ব্যক্তিদের বাড়ী টার্গেট করে ওই বাড়ির লোকজনের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। পরবর্তীকালে সে তার টার্গেট করা বাড়িগুলোতে পরিকল্পনা করে ডাকাতি পরিচালনা করে।
উল্লেখ্য, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব কর্মকর্তারা।